নড়াইলে পুকুর পাড়ে পড়েছিল মরদেহ
আল মামুনের স্ত্রী লাকী বেগম ভোরে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে ওই ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।
নড়াইল সদর উপজেলায় পুকরের পাড় থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার দলজিতপুর গ্রামে আল মামুনের বাড়ির পাশের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি রাসেল সরোয়ার।
লাশ উদ্ধার হওয়া ওসমান গণি (৪৫) ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী সৌদি আরব প্রবাসী।
ওসি রাসেল সরোয়ার বলেন, দলজিতপুর গ্রামের আল মামুনের স্ত্রী লাকী বেগম শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
