পর্যটকদের জন্য উন্মুক্ত হলো ভালুকার কুমির খামার
২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় ১৫ একর জায়গার উপর গড়ে তোলা এই খামারে বর্তমানে আড়াই হাজারের মতো কুমির রয়েছে।
পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ময়মনসিংহের ভালুকায় ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’ নামে দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামার।
বিভিন্ন সংকট কাটিয়ে আবারও খামারটিকে লাভজনক করতে নানা উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে উপজেলার হাতিবেড় গ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পর্যটন সুবিধার উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সদস্যরা।
সংবাদ সম্মেলনে রেপটাইল ফার্মের চেয়ারম্যান ড. নাইম আহমেদ বলেন, মুখ থুবড়ে পড়া খামারটি দায়িত্ব নেওয়ার পর এক হাজার ৭৩০টি কুমির অসুস্থ পাই। তখন প্রতিদিনই মারা যাচ্ছিল কুমির। সেই সংকট কাটিয়ে আমরা এখন একটু ঘুরে দাঁড়িয়েছি। বর্তমানে খামারটিতে আড়াই হাজারের মতো কুমির রয়েছে।
“যেহেতু কুমিরের চামড়া ছাড়া মাংস, দাঁত বা হাড় রপ্তানি করা যায় না, সেহেতু খরচ চালানো একটু কঠিন হয়ে পড়ছে। তাই পর্যটন চালুর এই উদ্যোগ। পর্যটন খাত থেকে যা আয় হবে তা দিয়ে কুমিরের খাবারের অনেকটা ব্যবস্থা হবে।”
খামারটির ব্যবস্থাপনা পরিচালক কুমির বিশেষজ্ঞ এনাম হক বলেন, “এই কুমির খামারটিকে বিশ্বের অন্যতম খামার হিসেবে আমরা গড়ে তুলতে চাই। পর্যটনের পাশাপাশি এখানে একটি রিসার্চ সেন্টারও করা হবে। দেশের মানুষ অনেক ভ্রমণপ্রিয়, তাই খাতে সফলতা আসবে। ”
কুমির নিয়ে বিরূপ ধারণার এই দেশে কুমির চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন নিয়ে ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় ১৫ একর জায়গার উপর গড়ে তোলা হয় এই বাণিজ্যিক খামারটি।
ব্যতিক্রম এই খামারের স্বপ্নদ্রষ্টা ও ১৫ শতাংশের অংশীদার ছিলেন লেখক মুশতাক আহমেদ। আর ৩৬ শতাংশ মালিকানা নিয়ে সঙ্গে ছিলেন মেজবাহুল হক। পরে ২০১২ সালে ‘কৌশলে খামারটির দখল নেন’ হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া আলোচিত ঋণখেলাপি প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার।
এরপর থেকেই খামার দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ বের করে নেন পিকে হালদার। ২০২০ সালে সরকার পিকে হালদার ইস্যুতে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে হুমকিতে পড়ে কুমিরের পরিচর্যা।
পরে খামার পরিচালনার জন্য ২০২১ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালতের নির্দেশে ড. নাইম আহমেদকে চেয়ারম্যান করে ছয় সদস্যের পরিচালনা বোর্ড গঠন করে দেওয়া হয়।
এই বোর্ড ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি কার্যক্রম শুরুর পর থেকে খামারের সংকট কাটিয়ে লাভজনক করতে নানা উদ্যোগ নেয়।
রেপটাইল ফার্মের ব্যবস্থাপক ডা. আবু সাইম মোহাম্মদ আরিফ বলেন, “পর্যটকদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমির খামারটি উন্মুক্ত থাকবে। টিকেটের প্রবেশ মূল্য ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ১৫০ টাকা, ছোটদের জন্য ১০০ টাকা। শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। ”
উদ্বোধনের প্রথম দিনেই পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক রোকেয়া আক্তার বলেন, “জীবনে অনেক বিনোদন কেন্দ্রে গেছি, কিন্তু আজকের মতো আনন্দ পাইনি। তবে অবকাঠামোগত আরও উন্নয়ন দরকার। তাহলে মানুষ তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে।”
আরও পড়ুন-
