চবির হীরকজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন শুরু
৩০ অক্টোবর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলায় শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী রেজিস্ট্রেশন ফি দেওয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণে রেজিস্ট্রেশনে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য কোনো ফি রাখা হয়নি।
এদিকে রেজিস্ট্রেশন উদ্বোধন উপলক্ষে এ দিন এক লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, “আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আমরা হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি গ্রহণ করছি। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে হীরকজয়ন্তীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন শুরু হচ্ছে।
“৩০ অক্টোবর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এ ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত ফি প্রদান করতে হবে। হীরকজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।"
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, “হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আইনশৃঙ্গলার জন্য টিম থাকবে, পুলিশ থাকবে, বিএনসিসি থাকবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী বলেন, “আমাদের জাঁকজমকপূর্ণ আয়োজন হবে। এ জন্য এক হাজার টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। আমরা আজ থেকেই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে দিলাম। আগামী ১৮ তারিখ সবাইকে আমরা একসঙ্গে দেখতে চাই। যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলুন। সম্ভব হলে ১০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করবেন।”
