দেশে খাদ্যের কোনো অভাব হতে দেব না: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে সরকারিভাবে আমন ধান সংগ্রহ উদ্বোধন করেছেন আফরোজা খানম রিতা।
দেশে খাদ্যের কোনো অভাব হতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যমন্ত্রী বলেন, “আমাদের এখন একটাই লক্ষ্য। খাদ্য মন্ত্রণালয়ে আমরা যারা আছি, দেশে খাদ্যের কোনো অভাব হতে দেব না। সেই লক্ষ্য সামনে রেখে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রাখা হয়েছে।”
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে চাল কিনতে পারেন, সে জন্য ওএমএস কার্যক্রমের আওতায় চাল বিতরণ করা হচ্ছে।
“শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যেও কম দামে চাল বিতরণ শুরু হয়েছে। কেউ যেন ঘরে অভুক্ত না থাকেন, কেউ যেন কষ্ট না পান, সেদিকে প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন।”
সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা ওপর জোর দিয়ে আফরোজা বলেন, “আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের কাজ আপনাদের পাশে থাকা। আর আপনাদের কাজ হলো- আমাদের সহযোগিতা করা এবং আন্তরিকতা বাড়ানো।
“একজন মন্ত্রী বা জনপ্রতিনিধির পক্ষে একা কোনো কাজ করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কাজ করে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি।”
জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ উপস্থিত ছিলেন।
২০২৬-২৭ মৌসুমে সারা দেশে তিন লাখ টন আমন ধান কৃষকদের থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ টন এবং মানিকগঞ্জ জেলায় এক হাজার ৩২২ টন ধান সংগ্রহ করা হবে।
উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ টন ধান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এবার জেলায় আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে এক লাখ ১৮ হাজার ৭৩৯ টন।
খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।
