০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শেষ হলো সারা দেশে রবির ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ

“রবির এ বিনিয়োগ দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে,” বলেন বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 10:25 PM

Updated : 04 Oct 2026, 10:25 PM

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ফোরজি নেটওয়ার্কের আধুনিকায়ন সম্পন্ন করেছে রবি আজিয়াটা পিএলসি।

এর মাধ্যমে দেশব্যাপী নেটওয়ার্কের আধুনিকায়ন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে বেসরকারি মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানিটি।

রোববার চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত ‘চট্টগ্রামে রবির ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়ন উদযাপন’ অনুষ্ঠানে নেটওয়ার্কের আধুনিকায়ন কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হয়ে আসা চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এ অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের জন্য রবিকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, “স্বল্প সময়ে এত বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করা নিঃসন্দেহে উল্লেখযোগ্য প্রকৌশলগত অর্জন। সংযোগ ব্যবস্থার উন্নয়নে রবির এই বিনিয়োগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে।”

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে দেশের ৬৪ জেলায় ফোরজি নেটওয়ার্কের কাজ শুরু হয়। নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রমের শেষ ধাপে ছিল চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্নের মাধ্যমে আমরা দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কার্যক্রম সফলভাবে শেষ করেছি।

“এটি শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও প্রধান কর্পোরেট কর্মকর্তা শাহেদুল আলম।