০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী

চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের ১১ সদস্যের দলটি গত ৩ নভেম্বর থেকে ঢামেক হাসপাতালে রোগীদের বিনামূল্যে উচ্চতর চিকিৎসাসেবা এবং ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট কার্যক্রমে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 11:52 PM

Updated : 05 Nov 2026, 11:52 PM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত চার দিনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান হয়েছে।

হাসপাতালের প্রশাসন ভবনের সেমিনার হলে বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের ১১ সদস্যের দলটি গত ৩ নভেম্বর হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে উচ্চতর চিকিৎসাসেবা প্রদান এবং হাসপাতালের ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট কার্যক্রমে অংশ নেয়। শুক্রবার এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক সময়সীমা শেষ হচ্ছে।

এ দিন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন। আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাযহারুল শাহিন, অধ্যাপক প্রভাত চন্দ্র সরকার।

অনুষ্ঠানে লিউ ইউয়িন তার বক্তব্যে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চায়না-বাংলাদেশ পোস্টগ্র্যাজুয়েট ডক্টরস অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন খাতের যে বন্ধুরা চিকিৎসা ও স্বাস্থ্য সহযোগিতায় সমর্থন এবং অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মাযহারুল শাহিন বলেন, “আমরা বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে চীনা টিমের তিনদিনের সফরের সমাপনী অনুষ্ঠান উদযাপন করছি। এই টিমটিও হয়ত উপলব্ধি করেছে যে, এখানে এমন বিভিন্ন রোগে আক্রান্ত প্রচুর রোগী রয়েছে, যা বিশ্বের অন্যান্য অঞ্চলে খুবই বিরল।

“আপনি এমন কোনো রোগ পাবেন না যা বইতে লেখা আছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায় না। আমরা বলে থাকি, কোনো রোগী যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তার সঙ্গে কখনোই দুর্ব্যবহার করা হবে না বা তাকে ভুল চিকিৎসা দেওয়া হবে না।”

হাসপাতালের পরিচালক ফরহাদ হোসেন বলেন, “চীনের ইউনান প্রদেশ থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এখানে এসে গত তিন দিন ধরে ইনডোর ও আউটডোরে প্রচুর রোগী দেখেছেন। চিকিৎসার মানোন্নয়ন, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং পরিশেষে চিকিৎসা প্রযুক্তি স্থানান্তরের উদ্দেশ্যে এটি করা হয়েছে। এ ধরনের সফর নিশ্চিতভাবেই আমাদের চিকিৎসকদের সমৃদ্ধ করেছে এবং আমাদের দরিদ্র রোগীদেরও উপকৃত করেছে। আশা করি, এ ধরনের সফর এবং আরও বেশি বেশি প্রক্রিয়াগত বা সার্জিক্যাল ইভেন্ট তারা আমাদের দেশে পরিচালনা করবেন, যার মাধ্যমে আমাদের রোগীরা নিশ্চিতভাবে উপকৃত হবে।”