২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে যাবে না টেসলার সাইবারট্রাক

অর্ডার সরবরাহে অপারগতার কারণে ক্রেতাদের দেওয়া অগ্রিম জামানতের অর্থ তথ্য নিশ্চিতের ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে টেসলা।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে যাবে না টেসলার সাইবারট্রাক

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে সাইবারট্রাক আনুষ্ঠানিকভাবে কখনোই বাজারে আনেনি টেসলা। ছবি: টেসলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 02:17 PM

Updated : 24 Oct 2026, 02:17 PM

সাত বছর আগে বুকিং দেওয়া অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ক্রেতাদের কাছে ইলেকট্রিক পিকআপ সাইবারট্রাক বিক্রি না করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে টেসলা।

গ্রাহকদের কাছে পাঠানো এক ইমেইলে মার্কিন এই বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা কোম্পানিটি বলেছে, ওই দুই দেশে সাইবারট্রাক তৈরির পরিকল্পনা বাতিল করেছে তারা।

নির্ধারিত অঞ্চলে অর্ডার সরবরাহে অপারগতার কারণে ক্রেতাদের দেওয়া অগ্রিম জামানতের অর্থ তথ্য নিশ্চিতের ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে কোম্পানিটি।

পাশাপাশি, ক্ষতিপূরণ হিসেবে এতে প্রভাব পড়া ক্রেতারা যদি নতুন ‘মডেল ৩’ বা ‘মডেল ওয়াই’ গাড়ি অর্ডার করেন তবে তাদের এক বছরের জন্য বিনামূল্যে ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে।

গাড়িভিত্তিক সংবাদমাধ্যম ‘ড্রাইভ অস্ট্রেলিয়া’র তথ্য বলছে, অস্ট্রেলিয়ায় সাইবারট্রাকের বাণিজ্যিক বাজার নিয়ে বেশ কয়েক বছর ধরেই অনিশ্চয়তা ছিল।

২০২৩ সালে টেসলা যখন প্রথম দিকের ক্রেতাদের গাড়ি হস্তান্তর শুরু করে তখন ড্রাইভের বিভিন্ন সূত্র বলেছিল, টেক্সাসে অবস্থিত টেসলার প্রধান কারখানাটি ‘রাইট-হ্যান্ড ড্রাইভ’ সংস্করণের সাইবারট্রাক তৈরির উপযোগী করে তৈরি করা হয়নি।

স্টিয়ারিং ডানদিকে না থাকলে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড ছাড়াও যুক্তরাজ্য, জাপান ও আয়ারল্যান্ডের মতো দেশে গাড়ি চালানো নিষিদ্ধ। ফলে ডানহাতি স্টিয়ারিং সংস্করণ ছাড়া এসব দেশে সাইবারট্রাক বিক্রি করা সম্ভব নয়।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে সাইবারট্রাক আনুষ্ঠানিকভাবে কখনোই বাজারে আনেনি টেসলা। ইউরোপীয় বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনো ধরনের অনুমোদনও পায়নি গাড়িটি।

বিশেষজ্ঞরা বলছেন, ‘ক্রাম্পল জোন’ বা দুর্ঘটনায় আঘাত শোষণের অংশ, পথচারীদের নিরাপত্তা বা গাড়িটির ধারালো কোণ পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ কি না, আলোর ব্যবস্থা এবং ওজন সম্পর্কিত কঠোর নিয়মের কারণে ইউরোপে কখনই অনুমোদন পাবে না মডেলটি।

মার্কিন সেনাবাহিনীও ইউরোপ অঞ্চলে বিভিন্ন গাড়ি আমদানি করতে ব্যর্থ হয়েছে।

মার্কিন সেনা শুল্ক সংস্থা বিজ্ঞপ্তিতে বলেছে, “সাইবারট্রাকের বেশ কিছু বৈশিষ্ট্য, বিশেষ করে ধারালো ও শক্ত স্টেইনলেস স্টিলের বডি ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা মানদণ্ড লঙ্ঘন করেছে, যা রাস্তায় থাকা পথচারী ও সাইকেল চালকদের সুরক্ষার জন্য তৈরি’।

ইউরোপের রাস্তায় যদি কোনো সাইবারট্রাক দেখা যায় তবে সেটা ব্যক্তিগতভাবে ব্যাপক পরিবর্তন এনে আলাদা অনুমোদন করিয়ে চালানো হচ্ছে।