২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ চাষ, পর্যটক টেনে লাভের আশায় ভালুকার কুমির খামার

খামারে বর্তমানে ছোট বড় মিলিয়ে দুই হাজার কুমির রয়েছে। এই বছর জন্ম নিয়েছে প্রায় ২০০ বাচ্চা।

মাছ চাষ, পর্যটক টেনে লাভের আশায় ভালুকার কুমির খামার

ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠিত খামারে থাকা কুমির

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 03:51 PM

Updated : 07 Sep 2022, 04:06 PM

ময়মনসিংহের ভালুকায় ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’ নামে দেশের প্রথম কুমির খামারের বিভিন্ন সংকট কাটিয়ে আবারও লাভজনক করতে নানা উদ্যোগ নিচ্ছেন নতুন দায়িত্ব পাওয়া পরিচালনা পর্ষদ।

Image

‘রেপটাইলস ফার্ম লিমিটেড’ নামের খামারটি দেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার

এই কুমির খামারের স্বপ্নদ্রষ্টা ও অন্যতম অংশীদার ছিলেন লেখক মুশতাক আহমেদ। পরে ‘কৌশলে তার দখল নেন’ হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া আলোচিত ঋণখেলাপি প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার।

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

আদালতের নির্দেশে ঋণের বোঝা আর পি কে হালদার ইস্যুতে মুখ থুবড়ে পড়া এই খামারটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান অস্ট্রেলিয়া প্রবাসী কুমির বিশেষজ্ঞ এনাম হক।

তিনি বলেন, “আমি নিজে একজন কুমির বিশেষজ্ঞ। কুমিরের চামড়া প্রসেসিংয়ের পাশাপাশি বিক্রিও করে থাকি অস্ট্রেলিয়ায়। আগামী দুই বছর যদি সরকারের একটু সহযোগিতা পাই তাহলে পেছন ফিরে তাকাতে হবে না। কারণ কুমিরের এমন কোনো অঙ্গ-পত্যঙ্গ নেই যা বিক্রি হয় না।”

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

বাড়তি আয়ের লক্ষ্যে এই খামার ঘিরে শিগগির ট্যুরিজম ব্যবস্থা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো কুমিরের খামার নেই যে তারা এককভাবে কুমির চাষ করে লাভবান হয়।

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

“আমি বিশ্বের অনেক দেশ ঘুরেছি, দেখেছি কুমির চাষকে ঘিরে তাদের ট্যুরিজম বাণিজ্য অনেক। ফার্মের সঙ্গে ট্যুরিজম থাকবে এটাই স্বাভাবিক।

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

“কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভালুকা। আমরা যেহেতু সরকারের কালো তালিকাভুক্ত কোম্পানি, তাই আমরা সরকারের কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের টার্গেট হলো ট্যুরিজম চালু করা।

“আমরা আমাদের আয় দিয়ে ফার্মটি চালাতে চাই। প্রথম পদক্ষেপে চারটি পুকুর খনন করে মাছ চাষ শুরু করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে চালু করা হবে ট্যুরিজম।”

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

জানা গেছে, ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় ১৫ একর জায়গার ওপর গড়ে তোলা হয় রেপটাইলস ফার্ম নামের দেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামারটি। খামারের স্বপ্নদ্রষ্টা এবং ১৫ শতাংশের মালিকানায় ছিলেন লেখক মুশতাক আহমেদ। যিনি পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় মারা যান।

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

৩৬ শতাংশ মালিকানা নিয়ে মুশতাকের সঙ্গে ছিলেন ব্যবসায়ী মেজবাহুল হক। ২০১২ সালে তিনি খামারের শেয়ার ছেড়ে দিলে মালিকানায় চলে আসেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। পরে মুশতাক আহমেদও তার শেয়ার ছেড়ে দিতে বাধ্য হন বলে জানিয়েছিলেন।

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

বাংলাদেশ ব্যাংক পরিচালিত সমমূলধন সহায়তা তহবিল বা ইইএফ থেকে ২০০৫ সালে দুই কোটি ৪৩ লাখ টাকা বিনিয়োগ পায় খামারটি। এর ফলে খামারটির ৪৯ শতাংশ মালিকানা পায় ইইএফ।

এর মধ্যে ২০১০ সালে জার্মানিতে হিমায়িত ৬৯টি কুমির বিক্রির মধ্য দিয়ে রপ্তানির খাতা খোলে খামারটি। এ ছাড়া ২০১৯ সাল পর্যন্ত জাপানে এক হাজার ৫০৭টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়।

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

মালিকানায় আসার পর থেকেই খামারটি দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ বের করে নেন পি কে হালদার। ২০২০ সালে সরকার পি কে হালদার ইস্যুতে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে হুমকিতে পড়ে কুমিরের পরিচর্যা।

Image

১৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত খামারের বিভিন্ন স্থানে থাকা কুমির

এ অবস্থায় ২০২১ সালের ডিসেম্বর মাসে আদালত খামারটি পরিচালনার জন্য পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দেন। চলতি বছরের মার্চে খামার পরিচালকের দায়িত্ব পান ড. নাঈম আহম্মেদ, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান কুমির বিশেষজ্ঞ এনাম হক।

Image

খামারে সংরক্ষিত কুমিরের ডিম

এ ছাড়া পরিচালক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- রেজাউল সিকদার, ড. মো. রফিকুল আলম, ফখরুদ্দিন আহম্মেদ এবং শেখ মো. আব্দুর রশিদ।

রেপটাইলস ফার্ম লিমিটেডের ব্যবস্থাপক ডা. আবু সাইম মোহাম্মদ আরিফ বলেন, ২০০৪ সালের ২২ ডিসেম্বর মালয়েশিয়া থেকে ১৫টি পুরুষ কুমিরসহ ৭৫টি কুমির আনা হয়। যার জন্য ব্যয় হয় প্রায় সোয়া কোটি টাকা।

“খামারে বর্তমানে ছোট বড় মিলিয়ে দুই হাজার কুমির রয়েছে। এই বছর খামারে উৎপাদিত কুমিরের ডিম থেকে প্রায় ২০০ বাচ্চা পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “এত দিন নিজেরাও বেতন-ভাতা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। নতুন পরিচালনা পর্ষদ আসার পর ২৮ জন কর্মকর্তা- কর্মচারীর সংকট কেটে গেছে।”

বিশ্ব বাজারে কুমিরের চামড়া, মাংস, হাড়, দাঁত চড়া দামে বিক্রি হয়। ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেনসহ বিভিন্ন দেশে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল হক বলেন, বিদেশে বাংলাদেশের রপ্তানি পণ্য হাতে গোনা কয়েকটি। এর মধ্যে কুমিরের চামড়াও রয়েছে। চামড়ার পাশাপাশি কুমিরের মাংস এবং দাঁত রপ্তানিতে সরকার সহযোগিতা করলে দেশে উদ্যোক্তা বাড়বে।

এ ছাড়া নীতিমালা শিথিল করার পাশাপাশি সরকার ঋণ সুবিধা বৃদ্ধি করলে কুমির চাষ আয়ের একটি অন্যতম উৎস হবে বলে জানান এই অধ্যাপক।

Image

খামারে সংরক্ষণ করে রাখা কুমিরের ছানা

কুমির চাষে পুঁজি বেশি লাগলেও দীর্ঘমেয়াদে এ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খুবই কম জানিয়ে তিনি আরও বলেন, এ ব্যবসায় উদ্যোক্তাকে ধৈর্যে্যর পরীক্ষা দিতে হবে। কেউ আজ ব্যবসা শুরু করে কাল লাভ খুঁজবে তা হবে না। তবে দীর্ঘমেয়াদি এ ব্যবসায় লোকসানের পরিমাণ কম।

দেশে কুমির চাষের বিপুল সম্ভাবনা রয়েছে জানিয়ে বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন বলেন, সরকার কুমির চাষিদের নানাভাবে উৎসাহিত করছে। কেউ শর্ত মেনে আবেদন করলে পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হবে।

আন্তর্জাতিক বাজারে চামড়ার কদর থাকায় প্রতি বছরেই বন বিভাগের অনুমতি নিয়ে খামারিরা চামড়া রপ্তানি করছে। ভবিষ্যতে কুমিরের মাংসও রপ্তানি হবে বলে আশা এ বন কর্মকর্তার।