২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২০১৯ সালে হরিশের বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রংপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

রংপুর জেলা ও দায়রা জজ আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 09:45 PM

Updated : 06 Aug 2023, 09:45 PM

রংপুর নগরীতে বাড়িতে হেরোইন রাখার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কৃষ্ণকান্ত রায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) নয়নুর রহমান টফি জানান।

দণ্ডিত হরিশ চন্দ্র রায় নগরীর আলমনগর খামারপাড়ার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি নয়নুর রহমান টফি বলেন, ২০১৯ সালের ৯ ডিসেম্বর হরিশ চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালায় রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

তিনি বলেন, এ সময় ওই বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইনসহ হরিশকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আফজাল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি হরিশকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

এ দিকে আসামিপক্ষের আইনজীবী শামীম আল-মামুন বলেন, “আমার মক্কেল ন্যায় বিচার পাননি। আমরা উচ্চ আদালতে আপিল করব।”