নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেছেন, “নির্বাচন যাতে না হয়, সেজন্য ষড়যন্ত্রকারীরা এক হয়ে হৈচৈ করতে থাকে।”
নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা নতুন ষড়যন্ত্র করার জন্য এক হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, “নির্বাচন যাতে না হয়, সেজন্য ষড়যন্ত্রকারীরা এক হয়ে হৈচৈ করতে থাকে।”
শনিবার ঢাকা জেলার ধামরাইয় উপজেলার কুশুরা ইউনিয়নের বন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “যারা স্বাধীনতার বিরোধী শক্তি, তারা আজকে একত্রিত হয়ে দুঃস্বপ্ন দেখছেন আবারও নাকি তারা ক্ষমতায় আসবেন। কী করে আসবেন? মানুষের ভোট পেতে হবে তো। যেখানে জনগণ এক কথায় বলছেন, শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা।”
বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা ভোটে বিশ্বাস করে না, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের যদি কেউ গদিটা পাইয়ে দেয়, সেই ধরনের ষড়যন্ত্র তারা করে চলেছে। কিন্তু প্রধানমন্ত্রী কোনো ষড়যন্ত্রকে বিশ্বাস করেন না, কারো মাসেল পাওয়ারে বিশ্বাস করেন না, দান পাওয়ারে বিশ্বাস করেন না। তিনি জনগণের শক্তিকে বিশ্বাস করেন। তাই কোনো অপশক্তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর সক্ষমতা রাখে না।
“শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, তিনি বিশ্বনন্দিত নেতা। তিনি কারও রক্তচক্ষু কিংবা ধমকে মাথা নত করেন না, ঘাবড়ে যান না।”
জামায়াতের সমাবেশের বিষয়ে মন্ত্রী বলেন, “বাইতুল মোকাররমের উত্তর গেইটে জামায়াত সবসময় তাদের অনুষ্ঠানাদি করতো। এবার তাদের বলে দেওয়া হয়েছে, ওই জায়গায় অনুষ্ঠান করলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। সেজন্য তারা যেন অন্য কোনো ভেন্যু বেছে নেয়। তাই তারা ভেন্যু পরিবর্তন করে অন্য জায়গায় গিয়েছে।”
লোডশেডিংকে সাময়িক সমস্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অন্ধকার দিনের কথা ভুলি নাই। আমাদের যদি দুই ঘণ্টা বিদ্যুৎ থাকতো তাহলে ৬ ঘণ্টা থাকত না। এখন কিন্তু দুর্গম চরসহ সব জায়গায় বিদ্যুৎ আমরা দিয়েছি। সেখানে বসে ইন্টারনেটে ছেলে-মেয়েরা গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে।”
“যে বিদ্যুৎ আমরা ঘরে ঘরে দিয়েছি অবশ্যই সেটা অব্যাহত থাকবে,” বলেন সরকারের এ মন্ত্রী।
যে কোনো মূল্যে মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে হবে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, “নিজের সন্তান কোথায় যায়, কী করে, খেয়াল রাখতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারব না, যদি আপনারা, অভিভাবকরা আমাদের সহযোগিতা না করেন।”
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
