১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরায় ইন্টারনেট অফিসে ‘এলোপাতাড়ি গুলি’

প্রতিষ্ঠানটির গুলিবিদ্ধ দুই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:05 PM

Updated : 15 Nov 2026, 09:13 PM

রাজধানীর রামপুরায় ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ‘এলোপাতাড়ি গুলি’ চালানোর অভিযোগ উঠেছে; এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় রামপুরা ওয়াপদা রোডে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামে প্রতিষ্ঠানটিতে গুলি চালানো হয় বলে এর ব্যবস্থাপক মো. পলাশ দাবি করেছেন।

তবে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান রাত সোয়া ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলির ঘটনা কি না এটা আমরা যাচাইয়ের জন্য যাচ্ছি। দুজন আহত আছে এটা শুনেছি।”

ঘটনার পর ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানটির গুলিবিদ্ধ দুই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ এর ব্যবস্থাপক মো. পলাশ বলেন, “সন্ধ্যা ৭টার দিকে চার-পাঁচজন মাস্ক পরা ছেলে আমাদের ওয়াপদা রোডের অফিসে ঢুকে। এসময় সেখানে চারজন স্টাফ ছিল। ঢুকে হামলাকারীরা বলে ‘তোরা সুজন ভাই, গুজা বাদশা ভাইয়ের টাকার ব্যবস্থা করছিস? তোরা এখনো দেখা করিসনি কেন?’।

“এরপর তারা এলোপাতাড়ি গুলি করা শুরু করে। স্টাফদের মধ্যে দুজন পেছন দিয়ে দৌড়ে বের হতে পেরেছেন। একজনের পায়ে দুটো গুলি লেগেছে। আরেকজনের হাতে লেগেছে একটা।”

পলাশ বলেন, “ওরা গুলি করে আমাদের সিসি ক্যামেরাগুলোও ভেঙে দিয়ে গেছে। আমরা একটা হার্ডডিস্ক উদ্ধার করতে পেরেছি। সবাই এখন ঢাকা মেডিকেলে আছি।”