শিক্ষার্থীর মৃত্যু ও ভাঙচুর: রাবি ও রামেকের পাল্টাপাল্টি মামলা
শনিবার রাতে দুটি মামলা নথিভুক্ত করা হয় বলে রাজপাড়া থানার ওসি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ারের মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে পাল্টাপাল্টি মামলা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ভাঙচুর ও চিকিৎসক-নার্সদের ওপর হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া চিকিৎসকের অবহেলা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে দেওয়া দুটি মামলার আবেদনই নথিভুক্ত করেছে নগরীর রাজপাড়া থানা পুলিশ।
রোববার দুপুরে রাজপাড়া থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, “শনিবার রাতে দুই পক্ষের অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। এরপর অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাবির শিক্ষার্থীরা। একপর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ ও হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েক ছাত্র আহত হন। তারা এখন নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার রাতেই এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে একই থানায় আরেকটি মামলার আবেদন করে। এই মামলায় চিকিৎসায় অবহেলা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়। যদিও এই মামলায় আসামির নাম বা সংখ্যা বলা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন রোববার দুপুরে বলেন, “মামলায় হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক, নার্স, আনসার ও ওয়ার্ড কর্মচারীরা মেডিকেলে ব্যবহৃত ধারালো ছুরি, কাঁচি ও লাঠি নিয়ে হামলা চালায় বলে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।”
এদিকে এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ কর্মকর্তাদের নিয়ে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ।
অপরদিকে শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন:
এবার শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাবি কর্তৃপক্ষের মামলার আবেদন
হল থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্তে কমিটি
হাসপাতালে ভাঙচুর: আবার ধর্মঘটে রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা
শুক্রবার থেকে কাজে ফিরছেন রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা
হাসপাতালে ভাঙচুর: রাবির ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন
