হল থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্তে কমিটি
শাহরিয়ারের মৃত্যুর চার দিনের মাথায় এই তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ‘উপর থেকে পড়ে’ আবাসিক শিক্ষার্থী মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানান।
বুধবার রাতে হলের উপর থেকে পড়ে গুরুতর আহত শাহরিয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুরের বিরলে দাফন করা হয়।
প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, “হবিবুর হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে হলের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেওয়ার নির্দেশও রয়েছে।”
হাসপাতালে ভাঙচুর: আবার ধর্মঘটে রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা
শুক্রবার থেকে কাজে ফিরছেন রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা
হাসপাতালে ভাঙচুর: রাবির ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন
ধর্মঘটে রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা, তদন্ত কমিটি গঠন
হল থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, রামেক হাসপাতালে ভাঙচুর
কমিটির তিনজনই হবিবুর হলের আবাসিক শিক্ষক। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহযোগী অধ্যাপক ড. গৌতম দত্তকে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক ড. মো. আশিক শাহরিয়ার।
গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। এরপর অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাবির শিক্ষার্থীরা। একপর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে ইন্টার্ন চিকিৎসকেরা সবাই একযোগে হাসপাতাল ত্যাগ করেন।
এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ কর্মকর্তাদের নিয়ে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া রাবির তিন শতাধিক ছাত্রের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর রাজপাড়া থানায় হাসপাতালের পক্ষে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে অভিযোগ দেন।
বৃহস্পতিবার বিকালে হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে শুক্রবার সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দেয় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ সময় হাসপাতালে হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।
শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে মামলা নথিভুক্ত না হওয়া এবং কাউকে গ্রেপ্তার না করার অভিযোগ তুলে ফের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
এদিকে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে রাজপাড়া থানায় আরেকটি মামলার আবেদন করা হয়েছে।
