১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

এবার শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাবি কর্তৃপক্ষের মামলার আবেদন

এর আগে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ এনে মামলার আবেদন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

এবার শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাবি কর্তৃপক্ষের মামলার আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার (২৬)।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 09:55 PM

Updated : 23 Oct 2022, 04:38 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে এবার মামলার আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার বিকেলে নগরীর রাজপাড়া থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম মামলার আবেদন করেন বলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম জানান। 

গত বুধবার রাতের এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে একই থানায় মামলার আবেদন করেছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পুলিশ সেই মামলাটি এখনও নথিভুক্ত করেনি। মামলা নথিভুক্ত করা এবং আসামি গ্রেপ্তারের দাবিতে শনিবার দুপুরে ৭২ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ।    

এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও মামলার আবেদন করল। মামলায় চিকিৎসায় অবহেলা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়।   

মামলার আবেদনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শাহরিয়ারের চিকিৎসার অবহেলা এবং কর্তব্যরত চিকিৎসক, ইন্টার্ন, নার্স, ব্রাদার, আনসার ও তাদের সহযোগিদের হামলায় রাবির শতাধিক শিক্ষার্থীদের গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

এতে বলা হয়েছে, “বুধবার রাতে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যায় ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার। সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিইউতে না নিয়ে ৮ নম্বর ওয়ার্ডে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা বিলম্ব করে এসে তাকে মৃত ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করায় সেখানে কর্মরত ইন্টার্ন চিকিৎসক, নার্স, আনসার ও ওয়ার্ড কর্মচারীরা মেডিকেলে ব্যবহৃত ধারালো ছুরি, কাঁচি ও লাঠি নিয়ে হামলা চালায়।” 

“এতে গুরুতরভাবে আহত হয় রাবির শতাধিক শিক্ষার্থী। যাদের মধ্যে হারাধন নাথ আকাশ, লিমন ফেরদৌস, রফিকুল ইসলাম, ফেরদৌস, আতিক, সৌরভ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।“ 

রাজশাহী মহানগর অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, “গত বুধবার রাতে হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, “শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় হাসপাতালের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী, শনিবার রাজপাড়া থানায় একটি মামলা এজাহারভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।”

গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। এরপর অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাবির শিক্ষার্থীরা। একপর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে ইন্টার্ন চিকিৎসকেরা সবাই একযোগে হাসপাতাল ত্যাগ করেন।

এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ কর্মকর্তাদের নিয়ে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া রাবির তিন শতাধিক ছাত্রের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর রাজপাড়া থানায় হাসপাতালের পক্ষে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে অভিযোগ দেন।

বৃহস্পতিবার বিকালে হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে শুক্রবার সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দেয় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ সময় হাসপাতালে হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে মামলা নথিভুক্ত না হওয়া এবং কাউকে গ্রেপ্তার না করার অভিযোগ তুলে ফের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। 

আরও পড়ুন:

হল থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্তে কমিটি

হাসপাতালে ভাঙচুর: আবার ধর্মঘটে রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা

শুক্রবার থেকে কাজে ফিরছেন রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা

হাসপাতালে ভাঙচুর: রাবির ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন

ধর্মঘটে রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা, তদন্ত কমিটি গঠন

হল থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, রামেক হাসপাতালে ভাঙচুর