ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক সাইফুল মারা যান। আহত হন বৃষ্টিসহ দুইজন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মুসল্লি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান।
নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম ও বৃষ্টি আক্তার।
সাইফুল নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে ও নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের চপই দাখিল মাদ্রাসার শিক্ষক।
বৃষ্টি নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের মো. আব্দুর রাশিদের মেয়ে।
ওসি শফিউর রহমান বলেন, সকালের দিকে ফতেপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি মুসুল্লি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। কিন্তু বাসস্ট্যান্ড পৌঁছানোর কিছুক্ষণ আগে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়৷
এতে ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক সাইফুল মারা যান। আহত হন বৃষ্টিসহ দুইজন।
পরে গুরুতর আহত বৃষ্টিকে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরের পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শফিউর বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
