১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু

ঘটনার পরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করেও ‘সাড়া পাওয়া যায়নি’।

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:43 AM

Updated : 16 Nov 2026, 10:43 AM

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবকতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর; নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভোররাতে কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় ওই যুবকের ওপর হামলা চালানো হয়।

যাত্রাবাড়ী থানার এএসআই মো. হাসান আলী বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রাবাড়ী বড় মাদ্রাসা এলাকা থেকে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করি।”

প্রত্যক্ষদর্শী যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র আবু তালহা বলেন, "রাতের দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে হঠাৎ বাইরে চিৎকার শুনতে পাই। জানালা দিয়ে তাকিয়ে দেখি, একটি মোটরসাইকেলের ওপর বসা অবস্থায় ওই যুবককে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করছে। তাৎক্ষণিকভাবে আমরা নিচে নেমে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।"

ঘটনার পরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন আবু তালহা। পরে যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে গিয়ে দায়িত্বরত দুজন টহল পুলিশকে বিষয়টি জানানো হয়।

এএসআই মো. হাসান আলী বলেন, “নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।”

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।