অচেতন অবস্থায় পড়ে ছিল যুবক, ঢামেকে মৃত্যু
পুলিশ বলছে, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন।
রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপটাতালে মারা গেছে।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মো. রাহাত (২৫) নামে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান বলেন, “আমরা বিকালের দিকে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে রাহাত নামে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“স্থানীয় লোকের মুখে জানতে পারি, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন এবং ওই এলাকায় থাকতেন। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তথ্য দেন তিনি।
