বয়স ‘জালিয়াতি’ করে কলেজে চাকরি নেওয়ার চেষ্টা, তদন্ত কমিটি গঠন
নিয়োগ প্রার্থীদের একজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী শহীদুল বুলবুল কলেজে ল্যাব সহকারী (তথ্য ও প্রযুক্তি) পদে নিয়োগ পেতে এক প্রার্থীর বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিয়োগ কার্যক্রম স্থগিত করে অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানোয়ার হোসেনকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুর আলম ও যাচাই-বাছাই কমিটির সদস্য বরুন কুমার সরকার।
অভিযোগকারী রহমত হোসেন রানা বলেন, “রিটেন পরীক্ষায় আমরা তিনজন অংশ নেই। পরীক্ষায় এস এম জাহিদ হাসান প্রথম স্থান অধিকার করেন। এরপর তার বয়স জালিয়াতির তথ্যসহ ২৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করি। নির্বাচন অফিস থেকে অনলাইনে তার আইডি কার্ড তুলেছি।
“সেখানে এস এম জাহিদের জন্ম তারিখ ১৯৮৫ সালের ৭ সেপ্টেম্বর উল্লেখ রয়েছে। অথচ দাখিলকৃত সার্টিফিকেটে সে ১৯৯৭ সালে জন্ম দেখিয়েছে।”
তদন্ত কমিটির প্রধান সানোয়ার হোসেন বলেন, “যাচাই বাছাই কমিটি প্রার্থী এস এম জাহিদ হাসানকে চাকুরি দেওয়ার জন্য সুপারিশ করেছিল। কিন্তু অভিযোগ ওঠার পর বিষয়টির তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।
“ঘটনার তদন্ত করে রোববার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে নির্বাচন কর্মকর্তাকেও বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “যে প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, উনি বয়স জালিয়াতি করেছেন বলে অভিযোগ উঠেছে। সেটা ম্যানেজিং ও তদন্ত কমিটিতে যাচাই-বাছাই করে দেখতে বলা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে পরবর্তীতে ওই প্রার্থীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
