ইলিশ শিকার: চাঁদপুরে ২৯ জেলের কারাদণ্ড
সদর উপজেলায় ১৬ জেলেকে ১০ দিন এবং হাইমচর উপজেলায় ১৩ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চাঁদপুরের সদর ও হাইমচর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ ধরার দায়ে ২৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এবং সন্ধ্যায় হাইমচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী ও এসিল্যান্ড আব্দুল্লাহ আল ফয়সাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, সদর উপজেলায় মেঘনা নদীতে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৬ জেলেকে আটক এবং পাঁচ হাজার মিটার কারেন্টজাল এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এরপর ওই জেলেদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, হাইমচর জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ বলেন, অভিযান চালিয়ে উপজেলার টাস্কফোর্স ১৩ জেলেকে আটক করে। এসময় ১৫ হাজার মিটার কারেন্টজাল, তিনটি মাছ ধরার নৌকা ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
এরপর ওই জেলেদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
জব্দ করা ইলিশগুলো স্থানীয় এতিম খানা ও গরিবদের মাঝে বিতরণ এবং কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানান তিনি।
১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়।
