২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিএসএফের রাবার বুলেটে কৃষক আহত

তাকে প্রথমে পঞ্চগড় ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড়ে বিএসএফের রাবার বুলেটে কৃষক আহত

পঞ্চগড় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 11:42 PM

Updated : 13 Apr 2023, 11:42 PM

পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা সোনাপাতিলা-ভারিয়াপাড়া এলাকার ৪১৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউপির সদস্য খোরশেদ আলম কুদ্দুস জানান।

আহত রবিউল ইসলাম (৪৫) ওই এলাকার ঝরু মোহাম্মদের ছেলে।

তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রবিউলের স্বজনদের বরাতে ইউপি সদস্য খোরশেদ আলম কুদ্দুস বলেন, এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় স্থানীয় কৃষকেরা প্রায়ই সেখানে মরিচ শুকান। বৃহস্পতিবার দুপুরে রবিউলসহ এলাকার কয়েকজন কৃষক মরিচ শুকাতে দিলে ভারতের ধনিরহাট বিএসএফ ক্যাম্পের কিছু সদস্য কৃষকদের সেই মরিচ নিয়ে যেতে থাকেন। এতে বাধা দিলে বিএসএফের এক সদস্য রবিউলকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েন।

সঙ্গে থাকা কৃষক ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালটির চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, “দুপুরে চোখে-মুখে আঘাত ও ক্ষত নিয়ে রবিউল নামের ওই ব্যক্তি হাসপাতালে আসেন। গুলিজাতীয় কিছুর আঘাত দেখা গেছে চোখে-মুখে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দুপুরে বিওপি ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে বিজিবির মীরগড় কোম্পানির কমান্ডার মো. আমিনুল ইসলাম জানান। এ ছাড়া শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি।