চুয়াডাঙ্গায় মাঠ থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
নিহত কিতাব আলী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দামুড়হুদা থানার এস আই শেখর চন্দ্র মল্লিক।
নিহত কিতাব আলী (৪৫) ওই গ্রামেরই বাসিন্দা ।
এসআই শেখর চন্দ্র মল্লিক বলেন, নিহত কিতাব আলীর ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ আছে। তার স্ত্রীর নামে মাদকের মামলাও আছে। তাই মাদক সংক্রান্ত কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান এই এসআই।
