মেঘনায় ট্রলারে মিলল ৪৪ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন
নৌ পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনায় একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার জহিরাবাদ এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয় বলে নৌ-পুলিশের এসআই মো. মানিক মিয়া জানান।
গ্রেপ্তাররা হলেন- মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) এবং মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরীয়তপুরে সখিপুর থানায়।
এসআই মানিক বলেন, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে তিনজন যাত্রীকে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর স্পিডবোটে করে তাদের গতিরোধ করে তল্লাশি করা হয়।
“এ সময় তিনটি সাদা বস্তা ভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে তার মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।”
তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার এবং ট্রলারটি জব্দ করা হয়।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামান বলেন, জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক পাঁচ লাখ ২৮ হাজার টাকা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
