কুড়িগ্রামের গাঁজা-মোটরসাইকেলসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
মামলার পর আসামিদের রোববার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কুড়িগ্রামে ফুলবাড়ীতে অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।
শনিবার রাতে ফুলবাড়ী থানাধীন ২য় ধরলা ব্রীজ চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম।
গ্রেপ্তাররা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নং ওয়ার্ড এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩)।
ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আসামিদের রোববার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, “ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।”
