নেত্রকোণায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ৩ মামলায় আসামি হাজারের বেশি
মামলায় সরকারি কাজে বাধাদান, নাশকতা, বিস্ফোরক, হামলা করে আহত করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
নেত্রকোণার তিন উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১০জনকে ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, শনিবার সকালে পুলিশ বাদী হয়ে পূর্বধলা, মদন ও কলমাকান্দায় থানায় মামলাগুলো করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধাদান, নাশকতা, বিস্ফোরক, হামলা করে আহত করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও জানান, পূর্বধলায় ৪৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ জন, কলমাকান্দায় ৩৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০জন ও মদনে ৩০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করার সময় পূর্বধলা, মদন ও কলমাকান্দায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সাত পুলিশ ও বিএনপি নেতা-কর্মীসহ অন্তত ২৭ জন আহত হন।
এ ছাড়া মদনে সংঘর্ষের সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়ি থেকে তিনটি হাতবোমা জব্দ করে পুলিশ।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02YKcbbKZUM5jzipfAS68iRnhPSTQbzjRaGY32DFh3Qf1Ysb6Mbqj78A6TKGhmG4ksl]
