২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির পাশে খেলছিল শিশু, ডেকে নিয়ে ‘ধর্ষণচেষ্টা’

“প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।”

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেন।

গ্রেপ্তার শরিফুল ইসলাম সৌরভের (৩০) বাড়ি পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায়। তিনি পেশায় রিকশাচালক।

মামলার বিবরণে বলা হয়, বুধবার বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে দেখতে পান। পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভ শিশুটির বাবাকে মারধরও করেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা সৌরভের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা বলছেন, মাদকাসক্ত সৌরভের ৫ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। পরে স্ত্রী দুই সন্তান নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর নিজ বাড়িতে ‘অসামাজিক কাজে’ জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা বিভিন্ন সময় সৌভের বিরুদ্ধে সালিশ বৈঠক করছেন।

শিশুটির প্রতিবেশী মাহমুদ হাসান নিশাদ বলেন, “আমরা মেয়েটির বাবা-মা ও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, সৌরভ শিশুটিকে যৌন নির্যাতন করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। আমরা এর উপযুক্ত বিচার চাই যাতে সমাজে এমন কেউ কিছু করার সাহস না পায়।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল কাশেম বলছেন, “প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।”

ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, “শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।”