২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ওই কলেজ ছাত্রের দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে দাবি পরিবারের।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 12:49 AM

Updated : 24 Jan 2024, 12:49 AM

চাঁদপুর শহরের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আবদুল করিম পাটওয়ারী সড়কের পরেশ সাহার ভবনের উত্তর পাশের ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান।

মৃত নিলয় সাহা (১৯) ওই ভবনের ভাড়াটিয়া স্বরুপ সাহার ছেলে। তিনি শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 

নিলয়ের খালাত ভাই অভিজিৎ জানান, নিলয় কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে ভারতে নিয়েও চিকিৎসা করানো হয়েছে। তার এক বোন আছেন। তিনিও একই ধরনের সমস্যায় ভুগছেন।

নিলয়ের বাবা জানান, তার ছেলে মানসিক রোগে আক্রান্ত। বিকালে সবার অজান্তে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই জাকির ভূঁইয়া মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওসি মুহসীন জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।