ঢাকা মেডিকেলের নতুন ভবনের নিচে পড়ে ছিল তরুণের লাশ
‘অসুস্থতাজনিত কারণে’ মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিদর্শক মো. হাবিবুর রহমান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বেজমেন্ট থেকে থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ওই তরুণকে সেখানে ‘অচেতন অবস্থায়’ পাওয়া য়ায়; তারপর আনুমানিক ২২ বছর বয়সি ওই তরুণকে জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে ওয়ার্ড মাস্টার রিয়াজ জানিয়েছেন।
তিনি বলেন, “আমি ছেলেটিকে পড়ে থাকতে দেখে বিষয়টি ক্যাম্প পুলিশকে জানাই। তার ক্যাম্প পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘অসুস্থতাজনিত কারণে’ মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিদর্শক মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া য়েছে।
তারা প্রযুক্তির সহায়তায় যুবকের পরিচয় শনাক্ত করবে।
