২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত দুই, আহত ৬

এতে ছয় নারী-শিশু-কিশোর-কিশোরী আহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 05:10 PM

Updated : 19 Jan 2024, 05:10 PM

মৌলভীবাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন ছয় নারী-শিশু-কিশোর-কিশোরী।

শুক্রবার দুপুরে সিলেট-মৌলভীবাজার সড়কের শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে স্থানীয় শেরপুর বাজার থেকে মৌলভীবাজার সদরের দিকে যাওয়ার কিছু সময়ের মধ্যে অটোরিকশারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।

নিহতরা হলেন- অটোরিকশার চালক আব্বাস মিয়া (৬৫) ও যাত্রী মধু মিয়া (৫৮)। দুজনের বাড়িই মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণ গ্রামে।

আহতরা হলেন- সুমি বেগম (৪০), মেঘনা বেগম (৪২), মিম আক্তার (১৮), ফাহিম (১২), সুমা (৮) ও ফাইজা (৩)। তাদের বাড়ি মৌলভীবাজারের হামেরকোণা ও শেরপুরে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি কেএম নজরুল।