পিকনিক বাস বিদ্যুৎস্পৃষ্টে তিন ছাত্রের মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত
সাময়িক বরখাস্ত হওয়াদের মধ্যে চারজন পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও তিনজন লাইনম্যান।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুত সমিতির সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়াদের মধ্যে চারজন পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও তিনজন লাইনম্যান বলে শনিবার রাত সাড়ে ১১টায় জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন।
তিনি বলেন, শনিবার সকালে পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
এছাড়া সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকেও।
এর আগে শনিবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬০ শিক্ষার্থী স্থানীয় ‘মাটির মায়া’ রিসোর্টে বনভোজনে যাচ্ছিলেন।
পথে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের স্থানীয় চায়না কারখানার সামনে তাদের বহনকারী বিআরটিসির একটি দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।
নিহত শিক্ষার্থীরা হলেন- মীর মোজাম্মেল নাঈম (২৩), জোবায়ের আলম সাকিব (২২) ও মুবতাছিন রহমান মাহীন (২২)।
এর মধ্যে মাহীন ঘটনাস্থলেই নিহত হন। নাঈম ও সাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে চার সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুরানো খবর
