ইউরেনিয়াম হস্তান্তর ঘিরে রূপপুরে উৎসবের আমেজ
“আমরা এখন বিশ্বে ৩৩তম পারমাণবিক দেশের মর্যাদা অর্জন করেছি।”
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানকে ঘিরে প্রকল্প এলাকায় উৎসবের রং ছড়িয়েছে। বর্ণিল সাজে সাজান হচ্ছে রূপপুর প্রকল্প ও গ্রিন সিটি এলাকা।
আগামী বৃহস্পতিবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার চিত্রকর্ম পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
মন্ত্রী বলেন, “স্বাধীনতার পর এত বড় প্রাপ্তি এর আগে বাংলাদেশে হয়নি। আমরা এখন বিশ্বে ৩৩তম পারমাণবিক দেশের মর্যাদা অর্জনের পাশাপাশি এ ধরনের টেকনোলজি নিয়ে কাজের সক্ষমতা অর্জন করেছি।”
সরেজমিনে দেখা যায়, এ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে রূপপুরজুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্যান্ডেল নির্মাণ, ফেস্টুন টাঙান, দেওয়াল অঙ্কনসহ চলছে নানা সাজসজ্জা। গত কয়েকদিন ধরে প্রতিদিন রূপপুর প্রকল্প থেকে গ্রিন সিটি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মহড়া চলছে।
প্রকল্পে কর্মরত প্রায় পাঁচ হাজার রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীর আবাসনে জন্য নির্মিত ভবন-এলাকাটি রূপপুরে গ্রিন সিটি নামে আখ্যায়িত হয়েছে।
এ সিটির সামনের দেওয়ালে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়ে নানা ধরনের চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে। চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের ভ্রান্ত ধারণাকে দূরীকরণের চেষ্টা।
চিত্র অঙ্কন করেছেন দেশের অন্যতম চিত্রশিল্পী টিপু সুলতান।
তিনি বলেন, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে এলাকার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে বলে ভ্রান্ত ধারণা রয়েছে, সেসব ভ্রান্ত ধারণা পাল্টে দিতেই আমার এই চেষ্টা।
“প্রকল্পের কারণে প্রাকৃতিক পরিবেশে কোনো প্রভাব পড়বে না, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমাদের দেশের অর্জনগুলো এ চিত্রকর্মে স্থান পেয়েছে।”
ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানকে সামনে রেখে রূপপুরে অবস্থান করছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
প্রকল্পটির পরিচালক শৌকত আকবর বলেন, “এই প্রকল্পের প্রতিটি যন্ত্র সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে নকশা অনুযায়ী বসান হয়েছে। এজন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সনদ নিতে হয়েছে। এবং কাজের মান দেখে তারা ইতিমধ্যে সন্তোষও প্রকাশ করেছেন।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
