কক্সবাজারে বানের পানিতে ভেসে উঠল শিশুসহ ৫ জনের মরদেহ
পেকুয়া উপজেলায় তিন শিশু এবং চকরিয়া উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় একজনসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারে বানের পানি নেমে যাওয়ায় একে একে ভেসে উঠল শিশুসহ পাঁচ জনের মরদেহ।
বৃহস্পতিবার পেকুয়া উপজেলায় তিন শিশু ও চকরিয়া উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় একজনসহ দুইজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
মৃতরা হলো- চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেরুয়াখালীর মো. এমরানের ছেলে মো. জিশান (৯) এবং পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) ও তাদের আত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)। আরেক জনের নাম-পরিচয় জানা যায়নি।
পেকুয়ার উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, বুধবার বিকালে তাহিদা, আমির ও হুমাইরা ফেরাসিঙ্গা পাড়ার সাহেবখালী খালের পাশে ফুপুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খালে তাদের মরদেহ ভেসে ওঠে।
সকাল ১১টার দিকে খাল থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধারের পর দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
অপরদিকে চকরিয়া থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, বুধবার সকালে বন্যার পানিতে খেলা করার সময় স্রোতে ভেসে যায় জিশান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী নতুন বাজারের জিশানের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বলে জানান তিনি।
এ দিকে বেলা ১২টার দিকে খুটাখালী ইউনিয়নের মহেশখালী খাল লাগোয়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে ওসি জাবেদ জানান।
অর্ধগলিত মৃতদেহটি বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাবেদ।
