২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ

“অনেকের কাছে গেছি; কোনো সমাধান পাই নাই৷ তাই সড়কে নামছি৷”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2024, 02:01 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ‘ক্রোনী গ্রুপের’ দুটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন৷ তারা ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছেন৷

বিক্ষোভ শুরুর পর শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতরে কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ৷

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে৷ শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানায় লাঞ্চের আগেই শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়৷”

বেলা সাড়ে ১১টার দিকে কথা হয় ‘আর-ফোর’ নামে একটি পোশাক কারখানার শ্রমিক শাহীদা আক্তারের সঙ্গে।

তিনি বলেন, “আমাদের লাঞ্চ হয় সাড়ে বারোটায়৷ কয়েকটি কারখানায় ভাঙচুর করায় ভয়ে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷”

এদিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও বিজিবি সদস্যরা বিসিক শিল্পাঞ্চলে অবস্থান করছেন।

ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স পোশাক কারখানার সুইং সেকশনের শ্রমিক জাহানারা বলেন, “গত বছর থেকে কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি করে আসছে। গত অগাস্ট মাস থেকে আমার বেতন বকেয়া৷ বেতন না দিয়েই গতমাসে কারখানা লে-অফ ঘোষণা করে৷

“অনেকের কাছে আমরা গেছি, কোনো সমাধান পাই নাই৷ আজকে তাই সড়কে নামছি আমরা৷”

গত বছরের ডিসেম্বর থেকে ক্রোনী গ্রুপের কারখানা দুটিতে বেতন পরিশোধ নিয়ে অসন্তোষ চলছে৷ গত এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে গ্রুপের অবন্তী কালার টেক্স শ্রমিকরা বিক্ষোভ করেন৷ এ সময় শ্রমিক পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন৷