২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা, ২ ব্যবসায়ী নিহত

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা, ২ ব্যবসায়ী নিহত

ট্রাককে পিছন থেকে ধাক্কা দিয়ে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 01:54 PM

Updated : 03 Mar 2023, 02:37 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকের পিছনে কাঁচামালবাহী মিনি-পিকআপ ভ্যানের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা শিল্পপুলিশ কার্যালয় এলাকায়  এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ।

নিহতরা হলেন, জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) ও নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

স্থানীয়দের বরাত দিয়ে রিয়াদ মাহমুদ জানান, কাঁচামালবাহী মিনি-পিকআপ ভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় গাড়িটি। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

“এ সময় মিনি-পিকআপে থাকা দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।”

রিয়াদ মাহমুদ বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিনি-পিকাপটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।