মানিকগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
এ সময় ডাকাতদলের অস্ত্রের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
মানিকগঞ্জ সদর উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা। এ সময় ডাকাতদলের অস্ত্রের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
শনিবার গভীর রাত ২টার দিকে উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান।
তবে নিহত যুবকের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
রোববার ওসি জানান, পুলিশ জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পায়, মেঘশিমুল এলাকায় ৭-৮ জনের ডাকাতদল যানবাহন থামিয়ে ডাকাতি করছে। টহল পুলিশ পৌঁছার সঙ্গে সঙ্গে মুখোশধারী ডাকাতরা পালানোর চেষ্টা করে।
“তখন পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় এক ডাকাত কনস্টেবল রাকিবকে অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বাসযাত্রী ও স্থানীয়রা এক ‘ডাকাতকে’ গণপিটুনি দেয় জানিয়ে ওসি বলেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
