শকুনি লেক বাঁচাতে মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি
১০টি সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেকের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পানিদূষণ রোধ এবং প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে শকুনি লেকের পাড়ে ১০টি সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অব্যবস্থাপনা, বর্জ্য ফেলার কারণে পরিবেশদূষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক শকুনি লেকের নান্দনিক সৌন্দর্য দিন দিন হুমকির মুখে পড়ছে। লেকটি রক্ষায় অবিলম্বে পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদসহ দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।
কর্মসূচি শেষে লেক সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুল আলম, মুক্তিযোদ্ধা চিকিৎসক গোলাম সারোয়ার, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ ও আইনজীবী মশিউর রহমান পারভেজ উপস্থিত ছিলেন।
