বাংলাদেশিকে গুলি করে হত্যা: তিনদিন পর লাশ ফেরত দিল বিএসএফ
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ তিনদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
হরিপুর থানার ওসি ফিরোজ ওয়াহিদ জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে ভারতীয় গোয়ালপুর থানা পুলিশ, বিএসএফ এবং ঠাকুরগাঁও পুলিশ ও বিজিবির উপস্থিতিতে জহুরুল ইসলামের লাশ হস্তান্তর হয়।
নিহত ২৬ বছর বয়সী জহুরুল হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাসেদের ছেলে।
সোমবার ভোরে হরিপুর উপজেলা সীমান্তে ভাউপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। জহরুল তাদের একজন।
বাকি একজন একই এলাকার নজরুল ইসলামের ছেলে ২৭ বছর বয়সী মখলেছুর রহমান।
ঘটনার দিনই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয় এবং বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে ভারতে থাকা জহুরুলের লাশও ফেরত চাওয়া হয়। আইনি কাজ শেষে জহুরুলের লাশ ফেরত দেবে বলে তখন বিএসএফ জানিয়েছিল।
জহুরুলের লাশ মঙ্গলবার ফেরত আসতে পারে বলে সেদিন হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানালেও লাশ এলো তিনদিন পর।
জহুরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি ফিরোজ ওয়াহিদ জানান।
