ঝালকাঠিতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে ঘুমন্ত বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় ছেলে।
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ভারানি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান।
নিহত খলিলুর রহমানের বাড়ি ওই উপজেলায়। তার ১৭ বছরের ছেলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
স্থানীয়দের বরাতে ওসি মুরাদ বলেন, “শনিবার রাতে বাড়িতে খাবার খেয়ে ছেলের সঙ্গে ঘুমিয়ে ছিলেন খলিলুর রহমান। মধ্যরাতে ঘুমন্ত বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় ওই কিশোর।
“পরের দিন রোববার সকালে খলিলুর রহমানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে ছেলে পলাতক ছিল। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
“ওই কিশোর জানান, দীর্ঘদিন ধরে মায়ের ওপর শারীরিক নির্যাতন করে আসছিল তার বাবা। ঘটনার রাতেও মাকে মারধর করে তার বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বাবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি।”
এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ না করলেও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
