২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার বার ছিনতাই: রাজবাড়ীর সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীর দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 10:48 AM

Updated : 21 Feb 2023, 10:49 AM

বাস থেকে নামিয়ে ব্যবসায়ীর সোনার বার ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠির বরাতে রাজবাড়ী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে রাজবড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

তিনি বলেন, “সোনার বার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তৌফিক খান সাদিদ। ছাত্রলীগ আদর্শের সংগঠন; এখানে কোনো অপরাধীর স্থান নেই। এজন্য কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।”

গত ১৭ ফেব্রুয়ারি ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে গড়াই সেতুর টোলঘর এলাকায় যাত্রীবাহী বাস থেকে মো. রাসেল নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে ২০টি সোনার বার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা যায়।

এ ঘটনায় সোনার ব্যবসায়ী একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের রইচ মোল্যাকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর পরিপ্রেক্ষিতেই রোববার ছাত্রলীগ নেতা তৌফিক খান সাজিদকে বালিয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে পায় পুলিশ।

পুরনো খবর:

ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে ২০ সোনার বার ছিনতাই
২০ সোনার বার ছিনতাই: রাজবাড়ীর ছাত্রলীগ নেতা রিমান্ডে