২০ সোনার বার ছিনতাই: রাজবাড়ীর ছাত্রলীগ নেতা রিমান্ডে
এর আগে শনিবার রইচ মোল্যা নামে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে নামিয়ে ব্যবসায়ীর দেড় কোটি টাকা মূল্যের ২০ সোনার বার ছিনতাইয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছাত্রলীগ নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাজিদকে গ্রেপ্তারের পর সোমবার সাত দিনের রিমান্ডের আবেদন করে ফরিদপুর আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে পাঁচ নম্বর আমলি আদালতের বিচারক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ফরিদপুরের অতিরিক্তি পুলিশ সুপার সুমন কর জানান।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের বাসিন্দা সাজিদকে রোববার সন্ধ্যায় সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বালিয়াকান্দি এবং মধুখালী থানায় দু’দফা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই ননী গোপাল বলেন, উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে গড়াই সেতুর টোলঘর এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার রাতে সোনার ব্যবসায়ী রাসেল মিয়া একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের রইচ মোল্যাকে গ্রেপ্তার করে। শনিবার তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতেই রোববার ছাত্রলীগ নেতা তৌফিক খান সাজিদকে বালিয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
