২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে ২০ সোনার বার ছিনতাই

স্বর্ণ ব্যবসায়ী রাসেল চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় নিয়মিত যাতায়াত করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 12:42 AM

Updated : 19 Feb 2023, 01:40 AM

ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে ২০টি সোনার বার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের কামারখালী সেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান। 

এ ঘটনায় ব্যবসায়ী মো. রাসেল মিয়া (৩২) শুক্রবার রাতে মধুখালী থানায় মামলা করেন জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, ঢাকার তাঁতীবাজারে নিলখী বুলিয়ন স্টোর ও উত্তরায় নিউ মা-মনি জুয়েলার্স নামে সোনার দুটো দোকান আছে রাসেলের। গয়না বানানোর জন্য চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় তিনি নিয়মিত যাতায়াত করেন। 

পুলিশ জানায়, ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে রইচ মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রইচ মধুখালীর পশ্চিম আড়পাড়া গ্রামের বাসিন্দা। তিনি কামারখালী সেতুর টোল প্লাজায় কাজ করেন। 

সহকারী পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে শুক্রবারই মধুখালী থানায় মামলা করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই ননী গোপাল সরকার। 

তিনি বলেন, “এ ঘটনায় শনিবার সকালে পশ্চিম আড়পাড়া গ্রাম থেকে রইচকে গ্রেপ্তার করা হয়। বিকালে তিনি আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।” 

মামলার নথির বরাতে পুলিশ জানায়, রাসেল ঢাকা থেকে চুয়াডাঙ্গা জেলার বড় বাজারে যাওয়ার জন্য বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় তার সঙ্গে সোনার বারগুলো ছিল। সকাল সোয়া ১০টার দিকে তিনি ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখান থেকে খান পরিবহনের একটি বাসে করে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন।

সকাল সাড়ে ১০টার দিকে খান পরিবহনের বাসটি ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম আড়পাড়া এলাকার কামারখালী গড়াই সেতুর টোল প্লাজায় পৌঁছায়। টোল পরিশোধের জন্য বাসটি থামলে একটি মোটরসাইকেল সামনে রেখে আট-নয়জন গাড়িটিকে আটকান। এরপর তারা বাসে উঠে ওই ব্যবসায়ীকে জামার কলার ধরে টানতে টানতে নিচে নামান। 

মামলা আরও বলা হয়, রাসেল প্রতিবাদ করলে ছিনতাইকারীরা তাকে কিলঘুষি মারেন এবং ভয়ভীতি দেখান। পরে তাকে সড়কের পাশে থাকা একটি করাতকলের মালিকের বাড়ির ভেতরে নিয়ে যান। এক পর্যায়ে তার কাছে থাকা ২০টি সোনার বার ছিনিয়ে নিয়ে যান। পরে একজন সোনার বারগুলো নিয়ে একটি মোটরসাইকেলে করে মাগুরার দিকে চলে যান।