নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হামলায় ১৬ মামলার আসামি নিহত
সম্প্রতি জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন আফজাল।
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। যিনি বিভিন্ন অভিযোগে করা ১৬টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান।
নিহত আফজাল হোসেন (৪২) পশ্চিম দেওভোগের প্রধানবাড়ির এবায়দুলের ছেলে।
আফজালকে একজন ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে ওসি জানান, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক, মারামারিসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। একাধিকবার তিনি গ্রেপ্তারও হয়েছেন।
আফজালের ভাই মোফাজ্জল হোসেন বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজু প্রধানকে স্থানীয় পঞ্চায়েতের লোকজন এলাকা থেকে তাড়িয়ে দেয়। ওই সময়ই আমার ভাই আফজালের সাথে বিরোধ তৈরি হয় রাজুর। ওই বিরোধের জেরেই আমার ভাইরে রাজু, রাসেল ও রাশেদরা মিলে খুন করছে।”
ওসি রিজাউল হক বলেন, নিহতের সঙ্গে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর বিরোধ ছিল। কয়েকমাস পূর্বে রাশেদ নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন আফজাল। এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারও হন তিনি।
“সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে তাকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।”
প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “ধারণা করা হচ্ছে রাশেদের উপর হামলার প্রতিশোধ নিতে রাশেদ ও তার ভাই রাসেলসহ কয়েকজন মিলে আফজালকে কুপিয়ে হত্যা করে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
