আচরণবিধি লঙ্ঘন: শেরপুরে স্বতন্ত্র প্রার্থী ছানু ও তার ৩ সমর্থককে তলব
প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান এবং অপর তিনজনকে অনুসন্ধানের প্রয়োজনে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ও তার তিন সমর্থককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শনিবার শেরপুর-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মাহবুব আলী মুয়াদ আলাদা চিঠিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন অনুসন্ধান কমিটির বেঞ্চ সহকারী সিদ্দিক আলম।
চিঠিতে রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছানুকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান এবং অপর তিনজনকে অনুসন্ধানের প্রয়োজনে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুসন্ধান কমিটির চিঠি পাওয়া অপর তিনি নেতা হলেন- শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান; সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল।
শনিবার বিকালে বেঞ্চ সহকারী সিদ্দিক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৬, ১১ ও ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ও তার তিন সমর্থককে কারণ দর্শানোর নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ৪ ডিসেম্বর শহরের বাগরাকসা মহল্লায় প্রিজম প্রিপারেটরি স্কুলে স্বতন্ত্র প্রার্থী ছানুর পক্ষে নির্বাচনি সমাবেশের আয়োজন করা হয়। এ ছাড়া ছানু তার সমর্থক ও নেতা-কর্মীদের নিয়ে ৬ ও ৭ ডিসেম্বর শহরের বিভিন্ন এলাকায় এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি প্রচারণায় অংশ নেন।
এসব সমাবেশ ও প্রচারণার ভিডিও সামাজিকমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে; যা নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয় বলে বেঞ্চ সহকারী জানান।
নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানু বলেন, “প্রতিহিংসামূলকভাবে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার ভাবমূর্তি বিনষ্ট করার এটা একটা ষড়যন্ত্র। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।”
তার দ্বারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
