ঝিনাইদহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বারোবাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালীগঞ্জ যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন যাত্রী।
সোমবার রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উপজেলার পিরোজপুর তিন বটতলায় এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান।
নিহতরা হলেন উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩০) ও ছিকডাঙ্গা গ্রামের আইনাল হকের ছেলে অটোরিকশা চালক আবুল কালাম (৩৫)।
আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বারোবাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালীগঞ্জে যাচ্ছিল। পথে বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে।
