২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পা বাঁধা আওয়ামী লীগ নেতার মাথা কাটা লাশ রেললাইনের পাশে

প্রথমে তাকে হত্যা করে রেললাইনের ওপর ফেলে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে পুলিশের প্রাথমিক ভাবে ধারণা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 06:26 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার হাত-পা বাঁধা ও মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার হলদিবাড়ী রেলগেট এলাকায় রেললাইনের পাশে লাশটি পড়ে ছিল বলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান। 

নিহত ভরত চন্দ্র (৫০) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। 

নিহতের ছোট ছেলে রিপন চন্দ্র বলেন, “বাবা চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রেলওয়ের ওয়েম্যান পদে চাকরি করতেন।” 

তিনি বলেন, “সোমবার সকাল সাড়ে ১০টার পর তিনি বাড়ি থেকে পার্বতীপুর শহরের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যার পর থেকে তার মোবাইল বন্ধ ছিল।”

তবে কী কারণে তাকে হত্যার হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান রিপন।

ওসি ফকরুল বলেন, “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রথমে হত্যা করে রেললাইনের ওপর ফেলে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। “ 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিট এ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।