২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ঝড়ে ঘরে গাছ চাপায় ২ বৃদ্ধের মৃত্যু

রেমালের প্রভাবে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 08:22 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গাছ উপড়ে ঘরে চাপা পড়ে পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলায় দুই বৃদ্ধের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন এক নারী।

রেমালের প্রভাবে এ জেলায় এখন পর্যন্ত মোট তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছেন পটুয়াখালীর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, সোমবার সকালে উপজেলা পরিষদের পাশে একটি পরিত্যক্ত ঘরে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আবদুল করিম (৬৫) নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবাহান মৃধার ছেলে।

ইউএনও জানান, ঝড়ের সময় মানসিক ভারসাম্যহীন করিম সড়কের পাশে পরিত্যক্ত ঘরে অবস্থান করছিলেন। প্রচণ্ড ঝড়ে সেখানে একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়লে নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই করিম মারা যান।

তবে কী কারণে করিম ওই ঘরে ছিলেন তা জানা যায়নি; লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। 

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ জানান, সকাল ৮টার দিকে পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে বসত ঘরে গাছ পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন তার স্ত্রী।

নিহত জয়নাল হাওলাদার (৭০) ওই গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

রোববার রাত ১২টার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।

ঝড় শুরুর আগে রোববার দুপুরে জলোচ্ছ্বাসের সময় পটুয়াখালীতে বোন ও ফুফুকে উদ্ধার করতে গিয়ে পানির স্রোতে ভেসে গেছে এক যুবক।

২৮ বছর বয়সী মো. শরীফ হাওলাদার কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অনন্তপাড়া এলাকার আবদুর রহিম হাওলাদারের ছেলে।

আরও পড়ুন:

'রেমাল': পটুয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিল ১০ প্রাণ