২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে বেরিয়ে সড়কে লাশ হলেন নাটোরের ৩ শ্রমিক

আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

কাজে বেরিয়ে সড়কে লাশ হলেন নাটোরের ৩ শ্রমিক

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় রিকশাভ্যানের তিন শ্রমিক নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 05:26 PM

Updated : 06 Feb 2023, 06:59 PM

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় রিকশাভ্যানের যাত্রী তিন শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার কলম পুণ্ডরী এলাকার মৃত উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) এবং নজরপুর এলাকার কাঁচু আলী (৫০)। তারা গাছ কাটার শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে রিকশাভ্যানে করে পাঁচ শ্রমিক গাছ কাটার জন্য চৌগ্রামে যাচ্ছিলেন। পথে ফাঁকা জায়গায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রহিম মারা যান।  

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বলেন, আহত চারজনকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী এবং কাঁচু আলী মারা যান।

অপর দুজন চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ফাঁকা জায়গা ও কুয়াশা থাকায় চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন।

সিংড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রওশন আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হক চুন্নু বলেন, “সকালে গাছ কাটতে বের হয়ে পথে দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতরা খুব গরিব মানুষ ছিলেন।”