কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে
বোর্ডে এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭টি। যা গত বছর ছিলো ৯৭টি।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।
বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এ বছর পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ যা গত বছর ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে ছয় দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে এবারের ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিলো ১৪ হাজার ১৫৩।
কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এই ৬টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষাবোর্ডে চলতি বছর ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৪ হাজার ২৯১ আর ছাত্রের সংখ্যা ৩৩ হাজার ৬১৬।
এবার পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে আছে মেয়েরা। মোট নয় হাজার ৩৬৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। আর ছেলেদের মধ্যে পেয়েছে পাঁচ হাজার ৬৮৪ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান বলেন, বোর্ডে এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭টি। গত বছর ছিলো ৯৭টি। গত বছর শতভাগ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না। তবে এবার ৫টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।
তিনি জানান, গতবার বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আইসিটি বাদে সব বিষয়ের ওপরই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইসিটির নম্বর যুক্ত হয় ম্যাপিংয়ের মাধ্যমে।
