২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১২ মাদ্রাসা শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ঘটনা তদন্তে ফরিদপুর মুসলিম মিশনের যুগ্ম সম্পাদককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 10:59 PM

Updated : 17 Oct 2023, 10:59 PM

ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসার ১২ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে আবাসিক শিক্ষকের বিরুদ্ধে। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ঘটনাটি ঘটলেও অভিভাবকদের মাধ্যমে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তার নাম সুজন শেখ। তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। 

তবে ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি আমাদের ব্যাথিত করেছে। শিক্ষকের কাছ থেকে এমন ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না। এর মধ্যেই ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। পাশাপাশি ক্লাস নেওয়া থেকে বিরত রাখা হয়েছে।”

ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসায় প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী রয়েছে। তারা আবাসিক ভবনে থেকে পড়ালেখা করে। প্রতিষ্ঠানটির আরও অনেক কর্মকাণ্ড রয়েছে। এটি ফরিদপুরের একটি বৃহৎ প্রতিষ্ঠান এবং এর বেশ সুনাম রয়েছে।

কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকালে মাদ্রাসার ১২ শিক্ষার্থী মাঠে দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলে। এ সময় একজনের পায়ে লেগে আরেকজন পড়ে যায়। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়।

বিষয়টি জানতে পেরে শিক্ষক সুজন শেখ সপ্তম, ষষ্ঠ ও তৃতীয় শ্রেণির ১২ শিক্ষার্থীকে একটি কক্ষে ডেকে নেন। তাদেরকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখেন এবং মারধর করেন। পরে তাদের মধ্যে সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থীকে মুসলিম মিশন হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিভাবকদের অভিযোগ, তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলেও পরিবারকে বিষয়টি জানানো হয়নি। দুদিন পর সোমবার মাদ্রাসা থেকে এক ব্যক্তি মোবাইলে অভিভাবকদের বিষয়টি জানান। তারা এসে হাসপাতালে সন্তানদের ভর্তি দেখতে পায়।

মঙ্গলবার সকালে মুসলিম মিশন হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিন শিক্ষার্থী। তাদের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে।

চিকিৎসাধীন সপ্তম শ্রেণির এক ছাত্র বলে, “সুজন স্যার আমাদের ১২ জনকে মারধর করেছে। তিনজনকে তার রুমে নিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মেরেছে। অবস্থা খারাপ হলে হাসপাতালে এনে ভর্তি করে।”

আরেকজন বলে, “মারধর করার সময় আমরা তিনজনই স্যারের পা ধরে মাফ চেয়েছিলাম, কিন্তু স্যার তারপরও মেরেছে।”

হাসপাতালে ভর্তি একজন শিক্ষার্থীর অভিভাবক রাজু আহম্মেদ বলেন, “ছেলেকে মারধরের পর হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু আমাদেরকে কিছুই জানানো হয়নি। দুই দিন পর মাদ্রাসা থেকে এক ব্যক্তি মোবাইলে বিষয়টি আমাকে জানায়। পরে হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে ভর্তি রয়েছে। ছেলের সাথে আরও দুই ছাত্র ভর্তি রয়েছে।”

তিনি আরও বলেন, “ছেলে অন্যায় করতে পারে, কিন্তু এমনভাবে মারপিট করা কি ঠিক হয়েছে? আমার ছেলেকে খুব মেরেছে। শরীরের বিভিন্ন স্থানে দাগ হয়ে রয়েছে। আমি মাদরাসা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা এখনও কোনো ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

মুসলিম মিশন হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, “মারপিটে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে দাগ ও ফোলা রয়েছে। তবে মাথায় কোনো আঘাত পাওয়া যায়নি।”

এ ঘটনা তদন্তে সোমবার সন্ধ্যায় মুসলিম মিশনের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান ফরিদপুর মুসলিম মিশনের সহকারী তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম।

তিনি আরও বলেন, “ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অন্য শিক্ষকদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।”

যদিও আবাসিক শিক্ষক সুজন শেখ বলছেন, “দুই শিক্ষার্থী মারামারি করেছিল, তাদের ডেকে এনে দু-একটি চড়-থাপ্পর মেরেছি। এর বেশি কিছু না।”