২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যা

নজরুল এক রাকাত নামাজ পড়ে শেষ করতেই লিটন ও সেলিম তাকে পেছন থেকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

ময়মনসিংহে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 02:00 PM

Updated : 14 Apr 2023, 02:54 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার ফজরের নামাজের সময় সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই আব্দুল কাদির।

নিহত নজরুল ইসলাম (৪০) ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের মেঝ ছেলে। এই ঘটনার পর নিহতের দুই ভাই আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম পলাতক রয়েছেন।

এসআই কাদির জানান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের তিন ছেলে। এর মধ্যে নজরুলের সঙ্গে অন্য দুই ভাই লিটন ও সেলিমের দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে এসব নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, “শুক্রবার ভোরে নজরুল সেহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। এক রাকাত নামাজ পড়ে শেষ করতেই লিটন ও সেলিম তাকে পেছন থেকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।”

মসজিদে নামাজ পড়তে আসা অন্যরা তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই কাদির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনার পর পলাতক দুই ভাইকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।