কমিউনিটি ক্লিনিকের আঙ্গিনায় সবজি চাষ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে
প্রধানমন্ত্রীর খাদ্য উৎপাদন বৃদ্ধির আহ্বানে সাড়া দিয়ে কমিউিনিটি ক্লিনিকের পতিত আঙ্গিনায় সবজি উৎপাদন কর্মসূচি শুরু করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের চত্বরে চারা রোপনের মধ্য দিয়ে কমিউনিটি ক্লিনিকের আঙ্গিনায় সবজি উৎপাদন কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার লাউ ও বেগুনের চারা রোপনের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন কমিউনিটি ক্লিনিকের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে কমিউিনিটি ক্লিনিকের পতিত আঙ্গিনায় সবজি উৎপাদন কর্মসূচি শুরু করেছি।
“সারা দেশে আমাদের ১৩ হাজার ৭০৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ক্লিনিকগুলোর আঙ্গিনায় আমরা লাউ, বেগুন, কুমড়া, মরিচ, লাল শাক, ডাটাশাক, পালংশাকসহ বিভিন্ন ধরণের সবজি উৎপাদন করব। এতে দেশের সবজির উৎপাদন বৃদ্ধি পাবে। এই সবজি থেকে দেশের মানুষ খাদ্য ও পুষ্টি পাবে। ”
তিনি আরও বলেন, “আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রায় এক লাখ কর্মী রয়েছে। তারা ক্লিনিকে সবজি উৎপাদন করবেন, পাশাপাশি বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষে তারা পরিবার প্রধানদের পরামর্শ দেবেন।”
এভাবে কমিউনিটি ক্লিনিক কর্মীদের মাধ্যমে সবজির উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদ জানান তিনি।
এসময় কমিউনিটি ক্লিনিকের পরিচালক তুলশী রঞ্জন সাহা, কমিউনিটি ক্লিনিক পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ আল কবির, কমিউনিটি ক্লিনিকের লাইন ডিরেক্টর মাসুদ রেজা কবির, কমিউনিটি ক্লিনিক মনিটরিং এবং সুপারভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীসহ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্টি বোর্ড, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (বিসিএইচসি) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্টি বোর্ডের সদস্যরা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (বিসিএইচসি) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
